বনানী প্রতিনিধি : ডিএনসিসি’র ২০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের এক কর্মীর ইয়াবা সেবনে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে ওয়ার্ডজুড়ে চলছে সমালোচনার ঝড়। কর্মীর নাম আনজির ইসলাম রাব্বি। তিনি ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাছিরের ঘনিষ্ঠ লোক ও কাউন্সিলরের ভ্যানগার্ড।
এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কাউন্সিলর কর্মী আনজির ইসলাম রাব্বি একটি ঘরের ভেতর বসে গ্যাসের দিয়াশলাই দিয়ে আগুন দিয়ে নিজে একাই ইয়াবা সেবন করে চলেছেন। তিনি যেখানে বসে আছেন তার পিছনে ঘরের দেয়ালে আওয়ামী লীগের নির্বাচনী পোষ্টার সাটানো। ঘরটি আওয়ামী লীগের অফিস বলে মনে হচ্ছে।
এই বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা বলেন, কাউন্সিলর নাছিরের কর্মীরা অনেকেই মাদকাসক্ত। তারা সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও কাউন্সিলর কখনো ব্যবস্থা নেননা, উল্টো তাদের শেল্টার দেন।
২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহিদুর রহমান দুলালের ছোট ভাই হাসিবুর রহমান নয়ন মেসেঞ্জারে রিপোর্টারকে ভিডিওটি পাঠিয়ে লিখেছেন, ‘মাদক ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদানকারী রাব্বি।’


