অনলাইন ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে ৮ এপ্রিল। তবে দ্বিতীয় ডোজের পাশাপাশি টিকার প্রথম ডোজও চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। লকডাউন এবং রমজানেও টিকাদান অব্যাহত থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার এ সংক্রান্ত এক নির্দেশনায় অধ্যাপক সেব্রিনা ফ্লোরা বলেন, কমিটির সিদ্ধান্ত অনুসারে ৮ এপ্রিল শুরু হতে যাওয়া টিকার দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সোমবার থেকে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ টিকা প্রদানের তারিখ এসএমএসের মাধ্যমে জানানোর কথা রয়েছে। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।
কাল থেকে দেশজুড়ে টিকা পরিবহন শুরু হবে। জেলা পর্যায়ে গঠিত কমিটি নিজ নিজ জেলার টিকা গ্রহণ করবে। পুরো কাজটি হবে দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সহায়তায়। কমিটি সিদ্ধান্ত অনুসারে, আসন্ন রমজান মাসেও টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
টিকাদান চলবে লকডাউনের সময়েও। তবে এ সময় টিকা কার্ড সঙ্গে নিয়ে আসা আবশ্যক। কারণ, টিকা কার্ড দেখিয়ে টিকা গ্রহণকারী রিকশা অথবা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারবেন। টিকা নিতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে স্থানীয় মসজিদের মাইকে ও কেবল টিভি চ্যানেলের পাশাপাশি বিভিন্ন প্রচার-প্রচারণামূলক ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে ওই নির্দেশনায়।
প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি থেকে দেশে জাতীয়ভাবে করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। রোববার পর্যন্ত টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে এখন পর্যন্ত ৫৪ লাখ ৯৮ হাজার ১৭২ জন টিকা নিয়েছেন।এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ১২ হাজার তিনজন ও নারী ২০ লাখ ৮৬ হাজার ১৬৯ জন। তাদের মধ্যে ৯৩৮ জনের মাথাব্যথা, গলাব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।



