করোনার নতুন ভ্যারিয়েন্ট: বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নিন

43

 সম্পাদকীয় 
দেশে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর সরকারি ও বেসরকারিভাবে অনেক উদ্যোগ নেওয়া হলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জনগণের অসচেতনতার কারণে সারা দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। লক্ষ করা গেছে, লকডাউনের নিয়ম লঙ্ঘন করে বারবার মানুষ রাজধানীর বাইরে বিভিন্ন এলাকায় গেছে এবং আবার রাজধানীতে ফিরে এসেছে।

কয়েকদিন আগে কঠোর লকডাউনের খবর প্রকাশের পরও একই চিত্র লক্ষ করা গেছে। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের রূপান্তরিত ধরন ‘ডেলটা প্লাস’ নিয়ে বিশ্বে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় করোনার এ ধরনটি মোকাবিলার উপায় জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বলা হয়েছে, ‘ডেলটা প্লাস’ ধরনটিকে সফলভাবে মোকাবিলা করতে হলে টিকা নিতে হবে; সেই সঙ্গে মাস্ক পরাসহ সুরক্ষামূলক পদক্ষেপগুলো পরিপালন করতে হবে।

জানা গেছে, যেসব জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা হয়নি, তাদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় করোনার পরীক্ষা ও টিকা নেওয়া উভয়ই জরুরি। উল্লেখ্য, গত ১৫ মাসে দেশে মাত্র চার শতাংশ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে শনাক্ত রোগীদের একাধিকবারের পরীক্ষা এবং বিদেশগামীদের স্ক্রিনিং বাদ দিলে এ হার তিনের নিচে নেমে আসবে।