আশাশুনির বীরমুক্তিযোদ্ধা বাচ্চু আর নেই

21

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা বাচ্চু (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।

শুক্রবার বিকাল ৬টায় রাস্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। আশাশুনি সদরের ২নং ওয়ার্ডের মৃত আলহাজ্ব আঃ রাজ্জাক হোসেন গাজীর বড় ছেলে ও এ্যাড. গোলাম গনি দুদু’র বড় ভাই বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা বাচ্চু শুক্রবার ভোর ৫.৩০ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি রেজিস্ট্রী অফিসে দক্ষতার সাথে চাকুরী জীবন শেষ করে অবসর গ্রহন করেছেন।

সাতক্ষীরায় মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার পর আশাশুনিতে মরহুমের গ্রামের বাড়িতে বিকেলে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবি, হাজী, আলেম, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃতকালে তিনি স্ত্রী ও ২ পুত্রসহ বহু গুণগ্রাহী ও আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব রেখে গেছেন।

কুল্যা ইউপি’র সাবেক চেয়ারম্যান রফিকুল
ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এসএম রফিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুল্যা ইউনিয়ন পরিষদের ৪ বার নির্বাচিত জনমানুষের কাছে প্রাণ প্রিয় চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছিলেন। মরহুমের রূহের মাগফেতার কামনায় শুক্রবার মরহুমের নিজ গ্রামে কচুয়া জামে মসজিদে দোয়া ও মীলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মীলাদ পরিচালনা করেন, মসজিদের ইমাম মাওঃ আবু মুছা। অনুষ্ঠানে মরহুমের ভাতিজা, আওয়ামীলীগ নেতা ও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এসএম ওমর সাকি পলাশসহ পরিবারের সদস্য ও স্থানীয় মুসল্লিবৃন্দ অংশ নেন।

আশাশুনির বালুচরের দখল হস্তান্তর

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর একমাত্র বালু চর (বালু মহল) এর দখল হস্তান্তর করা হয়েছে।

এখন থেকে এই চর থেকে বালু উত্তোলন করে এলাকার কাজে লাগানো যাবে। জেলা বালু মহল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাতক্ষীরা সুলতানপুর গ্রামের মোঃ খলিলুল্লাহ ঝড়–কে বালুচর (বালু মহল) হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা রেভিনিউ ডেপুটি কালেক্টর লিখন বনিক স্বাক্ষরিত ১৫ এপ্রিলের পত্রে খোলপেটুয়া নদীর জেলেখালী বালু চরের হস্তান্তর আদেশ প্রদান করা হয়। খলিলুল্লাহ ঝড়– ৪ লক্ষ ৫০ হাজার টাকা ইজারা মূল্যে ১৪২৮ সনের জন্য বালুমহলটির ইজারা গ্রহন করেছেন। উপজেলার যার যেখানে বালুর প্রয়োজন হবে তাকে নির্ধারিত মূল্য পরিশোধ করে এই বালুর চর থেকে বালু উত্তোলন করে নিতে হবে।

উপজেলার কোথাও কোন নদী, খাল, বিল অথবা ভূ-গর্ভ হতে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করা যাবে না। ইজারা গ্রহিতার প্রতিনিধি হিসাবে এখানে দায়িত্ব পালন করবেন রোকনুজ্জামান (০১৭১৫৮৫৭৩২২) ও আছাফুর রহমান (০১৭১১৭৩৯১২৪)।