আশাশুনিতে ভিজিডি কার্ডধারীদের মানববন্ধন

29
আশাশুনিতে ভিজিডি কার্ডধারীদের মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের সঞ্চয়ের টাকা আত্মসাৎ এর প্রতিকার দাবীতে উপকারভোগিরা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় ইউনিয়নের আরার গ্রামে মক্কার পুকুরের পাশে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানাগেছে, ইউনিয়নের ৩৩৩ জন কার্ডধারী দু’বছর অর্থাৎ ২৪ মাস চাউল উত্তোলন ও ২০০ টাকা করে জমা দিয়ে এসেছেন। এতে দেখা যায় প্রত্যেকের সঞ্চয় হিসাবে ৪৮০০ টাকা করে জমা হওয়ার কথা। তবে অনেক সময় কেউ কেউ সঞ্চয় জমা না করায় সকলের সঞ্চয় জমা এক রকম না হলেও ৪২০০ টাকা থেকে ৪৬০০ টাকা করে জমা হয়েছে। ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের সঞ্চয়ের টাকা ফেরৎ প্রদান করার সময় ব্যাংক এশিয়ার দায়িত্বরত কর্মকর্তারা সঞ্চয়ের টাকা ফেরৎ প্রদান করেন।

এ সময় প্রত্যেক কার্ডধারীকে দু’শত টাকা করে কেটে রেখে সঞ্চয় ফেরৎ দেওয়া হলে কার্ডধারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়। মানববন্ধনে আরার গ্রামের হাফিজুলের স্ত্রী ছাবিরা, লক্ষ্মী দাশের স্ত্রী জবা, হাবিবুর রহমানের স্ত্রী খালেদা, নূর ইসলামের স্ত্রী হাসিনা, দেলোয়ার হোসেনের স্ত্রী নূর জাহান, হাবিবুরের স্ত্রী আছমা, সঞ্জয় দাশের স্ত্রী সন্ধ্যাসহ ২৩ জন উপকারভোগিরা অংশ নেন।

তারা জানান, টাকা কম দেওয়ায় আমরা প্রতিবাদ করলে ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী আমাদেরকে টাকার দাবী করতে নিরুৎসাহিত করে বের করে দেওয়ার উপক্রম করেন। অন্য কারো বইতে টাকা বেশী হয়ে যাওয়ায় টাকা কেটে নেওয়া হচ্ছে বলে আমাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা করেন।