এম এম নুর আলম, আশাশুনি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি ও শালখালি বাজার সংলগ্ন বাশদহ নদীতে বিকল্প কাঠের ব্রীজের শুভ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বুধবার সন্ধ্যায় সর্বসাধারণের চলাচলের জন্য বিকল্প হিসাবে এ কাঠের ব্রীজটির উদ্বোধন করেন তিনি। জানাগেছে, কামালকাটি ও শালখালি বাজার সংলগ্ন বাশদহ নদীর উপর ব্রীজটি বিগত কয়েক মাস পূর্বে ভেঙে যাওয়ায় শোভনালী ইউনিয়নের বদরতলাসহ পার্শ্ববর্তী এলাকা এবং দেবহাটা উপজেলার সাথে আশাশুনি উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এসময় সাধারণ মানুষকে নানারকম দুর্ভোগ পোহাতে হতো। সাধারণ মানুষের কথা ভেবে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এর সার্বিক সহযোগিতায় বিকল্প কাঠের ব্রীজের ব্যবস্থা করা হয়। এই বিকল্প কাঠের ব্রীজ নির্মাণের ফলে মানুষ ও যানবাহন চলাচলে আর কোন বাধা রইলো না।


